২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন ব্রিটিশ র‍্যাপ তারকা সেন্ট্রাল সি

বিশ্বসংগীতে পরিচিত মুখ ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি এক অনলাইন লাইভস্ট্রিমে আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠ করে তিনি শাহাদাহ গ্রহণের কথা জানান। ধর্মান্তরের পর নিজের নতুন নাম হিসেবে তিনি গ্রহণ করেছেন ‘আখিল’।

একটি লাইভ সম্প্রচারে কনটেন্ট ক্রিয়েটর PlaqueBoyMax-এর সঙ্গে আলাপচারিতার সময় সেন্ট্রাল সি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ইসলাম গ্রহণের আগে ধর্মীয় বিশ্বাস নিয়ে তিনি প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি বলেও জানা গেছে। তাঁর জন্মনাম ওকলি নীল সিজার-সু।

লন্ডনের শেফার্ডস বুশ থেকে উঠে আসা এই র‍্যাপার ২০১৪ সালে সংগীতজগতে পথচলা শুরু করেন। তবে ২০২১ সালের পর থেকেই তিনি ইউকে র‍্যাপ দৃশ্যে দ্রুত প্রভাবশালী অবস্থান তৈরি করেন। অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়ে যান তিনি।

ক্যারিয়ারের সাফল্যের দিক থেকেও অনন্য রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। প্রথম ব্রিটিশ র‍্যাপার হিসেবে একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের কৃতিত্ব তাঁর। পাশাপাশি ড্রেক ও জে. কোল-এর মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করে সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তিনি।

এক সাক্ষাৎকারে নিজের দ্রুত উত্থান নিয়ে সেন্ট্রাল সি বলেছিলেন, সবকিছু এত দ্রুত ঘটছে যে অনেক সময় তা বিশ্বাস করাও কঠিন হয়ে যায়। দীর্ঘদিন ধরে অবিরাম ছুটে চলার কারণে এসব নিয়ে ভাবার সুযোগও পাননি তিনি।

পেশাগত ব্যস্ততার মাঝেই এই ব্যক্তিগত ও আধ্যাত্মিক সিদ্ধান্ত ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে তাঁর অনুসারীরা শুভকামনা জানাচ্ছেন। মুসলিম কমিউনিটিও তাঁর এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করে উষ্ণ অভিনন্দন জানিয়েছে।