২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় শতাধিক গণঅধিকার নেতাকর্মীর এনসিপিতে যোগদান

নেত্রকোণায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন। দলের যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী এই যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রোববার (আজ) দুপুরে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এনসিপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক মোঃ সোহাগ মিয়া প্রীতম।

অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীরা বলেন, দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে তারা এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও নেত্রকোণা জেলায় বিভিন্ন সময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। বিশেষ করে গত কয়েক মাসে তরুণ, শ্রমজীবী ও পেশাজীবী শ্রেণির মানুষের অংশগ্রহণে জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

নেত্রকোণা জেলায় এ নতুন যোগদানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক শক্তি আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।