২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভরিতে ২,২১৬ টাকা কমল সোনার দাম

দেশীয় বাজারে আবারও কমেছে সোনার দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

গত মঙ্গলবার ১৭/০২/২০২৬ এ  প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমায় এ সমন্বয় করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দরপতনই মূল প্রভাবক বলে উল্লেখ করা হয়।

সংশোধিত দরে ভরিপ্রতি ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ৪৭ হাজার ৪৩ টাকায়, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৫৯ টাকায় এবং সনাতনী পদ্ধতির সোনা ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায়। নির্ধারিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হবে।

এর আগে ৯ ফেব্রুয়ারি ভরিতে একই পরিমাণ—২ হাজার ২১৬ টাকা—বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। জানুয়ারির শেষ দিক থেকে বাজারে দামের ওঠানামা অব্যাহত রয়েছে। ২৯ জানুয়ারি ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে সোনার দর সমন্বয় করা হয়। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি প্রায় ৯০ ডলার কমে দাম ৫ হাজার ডলারের নিচে নেমে আসায় তার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও।