এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টায় আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান অবতরণ করে সিডনি বিমানবন্দরে।
টুর্নামেন্ট শুরুর প্রায় দুই সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ায় পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভিন্ন আবহাওয়া ও মাঠের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে দল পাঠানোর সিদ্ধান্ত নেয় বাফুফে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় থাইল্যান্ডে ট্রানজিট নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয় দলটি।
সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টসে-এ এক সপ্তাহের নিবিড় অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতির অংশ হিসেবে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে তারা। ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে পুরো দল।
প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ, তাই সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। আগামী ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ঐতিহাসিক অভিযান। তাড়পরে ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া।। আর ৯ মার্চ পার্থ এ গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত বাছাইপর্বে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে পেছনে ফেলে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা।