১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলা

ইতালিতে সাকের স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন, প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান

ইতালিতে সাকের স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন, প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান ছবি: সিটিজেন ভয়েস

মিনহাজ হোসেন ইতালি: ইতালিতে প্রবাসী ক্রীড়াপ্রেমী তরুণদের নিয়ে গঠিত নবগঠিত সাকের স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত এবং সুন্দর জীবনের পথে পরিচালিত করার প্রত্যয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে।

সোমবার ইতালির রাজধানী রোমের বন্ধু লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের টিম ম্যানেজার তায়েফ আহমেদ-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাকের আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আরিফ আহমেদ আরফিন, ডাইরেক্টর কয়েস আহমদ, অধিনায়ক মাসুম আহমেদ, সহ-অধিনায়ক মিজান আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি সাকের আহমেদ বলেন, “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি”— এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী তরুণদের সুস্থ ধারায় ও সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই সাকের স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলাই সংগঠনের অন্যতম উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।

সংগঠনের উপদেষ্টা আরিফ আহমেদ নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সুন্দর ও সুস্থ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এদিকে সাকের স্পোর্টিং ক্লাবের কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বন্ধু লাউঞ্জ, জননী আলীমেন্টারি, জেটি ফোন সেন্টার ও মন্দ বার। বিভিন্নভাবে স্পন্সরশিপ প্রদান করে এসব প্রতিষ্ঠান প্রবাসী তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করছে।

জার্সি উন্মোচনের মধ্য দিয়ে সাকের স্পোর্টিং ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ইতালিতে প্রবাসী বাংলাদেশি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করে একটি সুস্থ ও ইতিবাচক প্রজন্ম গড়ে তুলতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।