২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দীর্ঘ বিরতি শেষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট টিম

তিন মাসেরও বেশি বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। সবশেষ গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল তারা। এরপর সূচিতে ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপ। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ভারতে দল না পাঠানোয় সেই টুর্নামেন্টে আর অংশ নেওয়া হচ্ছে না লিটনদের।

নতুন সূচি অনুযায়ী, আগামী ১১ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে সেদিন।

বিসিবি ঘোষিত সূচি অনুযায়ী, পাকিস্তান দল ঢাকায় পৌঁছাবে ৯ মার্চ। ১১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। সব ম্যাচই দিবারাত্রির এবং বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে। সিরিজ শেষে ১৬ মার্চ ঢাকা ছাড়বে পাকিস্তান দল।

এই সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লড়াই। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র‌্যাঙ্কিংয়ের সেরা নয় দলের মধ্যে থাকতে পারলেই মিলবে সরাসরি বিশ্বকাপের টিকিট। বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে।

চলতি বছরে মোট ২৩টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।