২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ বছর পূর্ণ হলেই এনআইডি নিবন্ধন, সিদ্ধান্ত নির্বাচন কমিশন–এর

এখন থেকে ১৬ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)–এর ধারা ৫ অনুযায়ী, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা যাবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

খান আবি শাহানুর খান জানান, ১৬ বছর বয়সে এনআইডি নিবন্ধন করা গেলেও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি প্রদান করত ইসি।

এদিকে আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন। রোববার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২ মার্চ জাতীয় ভোটার দিবস নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই এ উপলক্ষে কর্মসূচি চূড়ান্ত করা হবে।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, অন্যান্য বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।