২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছয় সিটিতে বিএনপির দলীয় প্রশাসক নিয়োগ

বিএনপি ক্ষমতায় যাওয়ার এক সপ্তাহের মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত।

দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বললেও এর মধ্যেই স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এসব নিয়োগ সম্পন্ন হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি): ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালামকে ডিএসসিসির প্রশাসক করা হয়েছে। তিনি একসময় অবিভক্ত ঢাকা সিটির ডেপুটি মেয়র ছিলেন। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় এ পদে ছিলেন মো. মাহমুদুল হাসান।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি): ডিএনসিসির নতুন প্রশাসক হয়েছেন বিএনপির নেতা শফিকুল ইসলাম খান। তিনি যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। এর আগে প্রশাসক ছিলেন সুরাইয়া আখতার জাহান।

গাজীপুর সিটি করপোরেশন: গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এর আগে দায়িত্বে ছিলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও আইনজীবী সাখাওয়াত হোসেন খান প্রশাসক হয়েছেন। ২০১৬ সালে তিনি সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসক ছিলেন আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ।

সিলেট সিটি করপোরেশন: সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী নতুন প্রশাসক হয়েছেন। তিনি ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সিলেটের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগে প্রশাসক ছিলেন খান মো. রেজা-উন-নবী।

খুলনা সিটি করপোরেশন: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বর্ষীয়ান নেতা নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটির প্রশাসক করা হয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য এবং একাধিকবার খুলনা-২ আসনে নির্বাচন করেছেন। আগে প্রশাসক ছিলেন মোখতার আহমেদ।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার সিটি মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছিল। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এবার নিজ দলের নেতাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দিল।

এসএস