মোহাম্মদপুর থানা
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মো. ইব্রাহিম নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধে ময়ূর ভিলা সংলগ্ন নূর মসজিদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাতে নূর মসজিদ এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন ইব্রাহিম। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা ও মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-এ নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার বাঁ হাতের কনুই ও মাথায় আঘাত লেগেছে।
ইব্রাহিমের মামা রুবেল মিয়া জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ছিলেন। পরিবার ও স্বজনদের দাবি, জুলাই আন্দোলনসংক্রান্ত একটি মামলার সাক্ষী হওয়ায় সম্প্রতি তাকে হুমকি দেওয়া হচ্ছিল।
তবে পুলিশের এক কর্মকর্তা জানান, ময়ূর ভিলা এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর একটি পরিত্যক্ত অফিসের সামনে দোকান বসানো নিয়ে বিরোধ ছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, হামলাকারীরা বোরকা ও মাস্ক পরা থাকায় প্রত্যক্ষদর্শীরা তাদের শনাক্ত করতে পারেননি। জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। পাশাপাশি আধিপত্য বিস্তার বা দখলসংক্রান্ত কোনো বিরোধ এ ঘটনার পেছনে রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।