দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে একদল ব্যক্তি ‘মব’ সৃষ্টি করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া–এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। তারা নিজেদের আওয়ামীলীগ এর সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান–এর সমর্থক হিসেবে পরিচয় দেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে। দুদক সূত্র জানায়, ২০–৩০ জনের একটি দল স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করে এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে লিখিত আবেদন গ্রহণের দাবি জানায়। একপর্যায়ে তারা কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করলে অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট বিভাগ অভিযোগটি গ্রহণ করে।
ধারণা করা হচ্ছে, অভিযোগকারীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ–এর নেতা-কর্মীরাও থাকতে পারেন, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন, একদল লোক কার্যালয়ের ভেতরে হট্টগোল করে অভিযোগ গ্রহণে চাপ প্রয়োগ করেছে। বেনামে জমা দেওয়া অভিযোগটি বর্তমানে পর্যালোচনার জন্য রাখা হয়েছে। তিনি জানান, দুদকে জমা পড়া কোনো অভিযোগই সরাসরি তদন্ত বা মামলায় রূপ নেয় না; আইন অনুযায়ী তা যাচাই-বাছাই করা হয়। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পেলে অভিযোগটি বাতিল করা হবে, আর অভিযোগের ভিত্তি পাওয়া গেলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, আসিফ মাহমুদ সজিব ভুইয়া জুলাই আন্দোলনের অন্যতম প্রথম সারির নেতা হিসেবে পরিচিত। আন্দোলনের নেতাদের নেতৃত্বেই দেশে দীর্ঘদিনের আওয়ামী শাসনব্যবস্থার অবসান ঘটে।