১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

চোরাই গরু দিয়ে বিএনপি কর্মীর ইফতার মাহফিল, প্রকাশ্যে আসতেই ক্ষতিপূরণ

চোরাই গরু দিয়ে বিএনপি কর্মীর ইফতার মাহফিল, প্রকাশ্যে আসতেই ক্ষতিপূরণ যুক্তরাজ্য বিএনপি কর্মী এম আহমেদ ওরফে মধু মিয়ার বাড়িতে ইফতার মাহফিল। ২৪ ফেব্রুয়ারির ছবি : সংগৃহীত

ওসমানীনগর উপজেলার একটি ইফতার মাহফিলকে ঘিরে চোরাই গরু জবাইয়ের অভিযোগ উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে, যুক্তরাজ্যপ্রবাসী ও যুক্তরাজ্য বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়িতে।

জানা গেছে, এম আহমদ জানুয়ারি মাসে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেশে আসেন। নির্বাচন শেষে গত ২৪ ফেব্রুয়ারি তিনি নিজ বাড়িতে একটি ইফতার মাহফিলের আয়োজন করেন। পরে জানা যায়, ওই মাহফিলে জবাই করা গরুটি চুরি করা ছিল। ইফতারে সহস্রাধিক মানুষ অংশ নেন, যার মধ্যে গরুর প্রকৃত মালিকও ছিলেন

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী জানান, এম আহমদ দেশে আসার আগেই বাড়ির তত্ত্বাবধায়কের কাছে ইফতার মাহফিলের জন্য গরু কেনার টাকা পাঠিয়েছিলেন। দেশে এসে তিনি নির্বাচনী কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে তত্ত্বাবধায়ক ইফতারের আগের দিন একটি গরু জবাই করে মাংস প্রস্তুত করেন। তখন এম আহমদ জানতেন না যে গরুটি চুরি করা। বিষয়টি জানার পর তিনি গরুর মালিককে ডেকে ন্যায্যমূল্য পরিশোধ করেন এবং সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ককে চাকরি থেকে অব্যাহতি দেন। শুক্রবার তিনি যুক্তরাজ্যে ফিরে গেছেন।

স্থানীয় বাসিন্দা রেজওয়ান আহমদ বলেন, তত্ত্বাবধায়ক গরু কেনার টাকা অপব্যবহার করে থাকতে পারেন। পরে ইফতারের আগের দিন মাঠ থেকে অন্যের গরু এনে জবাই করেন। বাড়ির সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়ে।

আরেক বাসিন্দা হোসেন আহমদ জানান, প্রায় ১৭ বছর পর দেশে আসা এম আহমদ এলাকায় ইফতার আয়োজনের কথা জানিয়েছিলেন এবং গরু কেনা হয়েছে বলেও উল্লেখ করেছিলেন। তবে তত্ত্বাবধায়ক গরু না কিনে প্রতিবেশীর গরু চুরি করে জবাই করেন। পরে গ্রামের সালিসে তিনি দায় স্বীকার করেন।

গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, চুরির ঘটনায় প্রবাসীর কোনো সংশ্লিষ্টতা ছিল না। বিষয়টি জানার পর এম আহমদ গরুর ন্যায্যমূল্য পরিশোধ করেছেন। তাঁর বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, বরং তত্ত্বাবধায়কের ঘটনায় তিনি বিব্রত হয়েছেন।