ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ছয় দেশের বাংলাদেশ দূতাবাস। জরুরি বিজ্ঞপ্তিতে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে অনুরোধ করা হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান ও অযথা জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।
যুদ্ধ শুরুর পর ইতোমধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর–এ ড্রোন হামলায় এক বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার সকালে ইরানে হামলা চালায়। এর পরপরই ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা শুরু করে।
এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইন–এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো প্রবাসীদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রতিটি দেশে দূতাবাসের পক্ষ থেকে হটলাইন চালু রাখা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে খোঁজখবর ও সহায়তা পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলতে হবে এবং স্থানীয় সরকারের নির্দেশনা অনুসরণ করতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কিংবা ভিত্তিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে, কারণ কিছু দেশে এ ধরনের কর্মকাণ্ড আইনবিরোধী।
আবুধাবী–তে বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া এক জরুরি বার্তায় প্রবাসীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নগদ অর্থ, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবারসহ জরুরি সামগ্রী হাতের কাছে রাখার কথা বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটের হটলাইন নম্বর ও ইমেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
জরুরি যোগাযোগের নম্বর
আরব আমিরাত
জরুরি প্রয়োজনে আবুধাবী ও দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের ও কনস্যুলেটের হটলাইন নম্বর ও ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
আবুধাবীতে যোগাযোগের হটলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে: +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২ এবং +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd
দুবাই কনস্যুলেটের হটলাইন নম্বর- +৯৭১ ৫০৮১৬৮২৫৩ ও +৯৭১৫০৮১৬৮৩৬৩ এবং ইমেইল: mission.dubai@mofa.gov.bd
ইরাক
ইরাকে জরুরি প্রয়োজনে বাংলাদেশ হটলাইন (+9647827883680 Whatsapp) এবং ইমেইলে (mission.baghdad@mofa.gov.bd) যোগাযোগ করতে বলা হয়েছে।
কুয়েত
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ: +965 69920013, +965 66516404 এবং +965 50895161 আর ইমেইল হচ্ছে: mission.kuwait@mofa.gov.bd
বাহরাইন
জরুরি প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ এবং ইমেইল: mission.manama@mofa.gov.bd -এ যোগাযোগ করতে বলেছে মানামায় বাংলাদেশ দূতাবাস।