১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন দিনে ঢাকা থেকে ৭৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতার প্রভাবে গত তিন দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশী-বিদেশী বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও বিদেশী যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার ২৩টি, রোববার সর্বোচ্চ ৪০টি এবং আজ দুপুর পর্যন্ত আরও ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট। এছাড়া এমিরেটস, কাতার এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, ফ্লাইদুবাই, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ ও সালামএয়ারের একাধিক ফ্লাইটও বাতিল হয়েছে।

গতকাল সন্ধ্যা থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা। সংস্থাগুলো যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে মদিনাগামী বাতিল হওয়া বিজি-৩৩৭ ফ্লাইটটি আজ বিকাল ৪টায় এবং জেদ্দাগামী বিজি-৩৩৫ ফ্লাইটটি সন্ধ্যা ৭টায় ছেড়ে যাবে।

ইউএস-বাংলা জানিয়েছে, রিয়াদ, জেদ্দা ও মাসকাট রুটে আজ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলবে। তবে যাত্রীদের অন্তত চার ঘণ্টা আগে রিপোর্ট করতে বলা হয়েছে। অন্যদিকে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা রুটে তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে।

পরিস্থিতি পর্যালোচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিমানবন্দর পরিদর্শন করেন। তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের দ্রুত গন্তব্যে পাঠাতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে এবং আজকের মধ্যেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক করার লক্ষ্য রয়েছে। তিনি আরও জানান, ঢাকার বাইরের যাত্রীদের কথা বিবেচনায় রেখে নতুন সময়সূচি নির্ধারণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক পরিস্থিতি তদারকি করছেন বলেও তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের রুটগুলোতে পরিস্থিতি উন্নত হলেই বাতিল হওয়া ফ্লাইট পুনরায় চালু ও রিশিডিউলের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনস। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণাঙ্গ ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।