ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রোববার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে বিশেষ অনুমতিতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে মরদেহটি যশোরের বেনাপোল চেকপোস্টে পৌঁছায়। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, বিশেষ ট্রাভেল পারমিট যাচাই শেষে মরদেহ দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সীমান্তে মরদেহ পৌঁছালে একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। তবে নিরাপত্তার কারণে দ্রুত অ্যাম্বুলেন্সটি স্থান ত্যাগ করে।
গত শুক্রবার কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে সেখানে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি অবৈধ পথে ভারতে গিয়ে কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরে তার স্ত্রী ভিসায় ভারতে যান এবং পরিবারসহ সেখানে অবস্থান করছিলেন।
জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
