ছবি : ইন্টারনেট থেকে পাওয়া
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জরুরি ভিত্তিতে আমদানির প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে আজ বৈঠকে বসছে সরকারের দুটি গুরুত্বপূর্ণ কমিটি। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই ভার্চ্যুয়াল বৈঠকে প্রায় ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ও চূড়ান্ত অনুমোদন আসতে পারে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠক দুটির সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি উভয় কমিটির প্রধান। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিভিন্ন ধরনের ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন মিললে পরবর্তী বৈঠকে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।
আলোচ্যসূচি অনুযায়ী, আজকের বৈঠকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (ইএন ৫৯০-১০ পিপিএম) মানের ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব উপস্থাপন করা হতে পারে।
এছাড়া ‘ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি’ থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফারযুক্ত ডিজেল এবং ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’ থেকে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল (এইচএসডি)/এজিও আমদানির প্রস্তাবও বৈঠকে তোলা হবে।
সূত্রগুলো বলছে, বৈশ্বিক বাজারে অস্থিরতার কারণে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতি গ্রহণ করা হয়েছে। প্রস্তাবগুলো অনুমোদন পেলে অল্প সময়ের মধ্যেই আমদানির কার্যক্রম শুরু করা হবে।