১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের আগে ফের অস্ত্রোপচারে নেইমার ছবি: সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্য সামনে রেখে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। তাকে পুরোপুরি ফিট করে তুলতে এগিয়ে এসেছে তার ক্লাব সান্তোস এফসি। এর অংশ হিসেবেই আবারও হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার।

সর্বশেষ আন্তর্জাতিক বিরতির সময় নেইমারের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেন সান্তোসের কোচ কুকা। তিনি জানান, অস্ত্রোপচারের পর কয়েকদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন নেইমার এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। বিষয়টি পুরোপুরি চিকিৎসাসংক্রান্ত বলেও উল্লেখ করেন তিনি।

এর আগেও গত মৌসুম শেষে চিকিৎসকদের পরামর্শে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন নেইমার। কয়েক মাসের ব্যবধানে আবারও তাকে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হলো।

এবার তার হাঁটুর ক্ষতিগ্রস্ত জয়েন্টে টিস্যু মজবুত করতে ‘প্লাটিলেট-রিচ প্লাজমা’ (পিআরপি) পদ্ধতির চিকিৎসা নেওয়া হয়েছে।

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৬৬ দিন। এই সময়ের মধ্যেই নিজেকে প্রমাণ করতে হবে নেইমারকে। ব্রাজিলের কোচ কারলো আঞ্চেরত্তি আগেই জানিয়ে দিয়েছেন, দলে জায়গা পেতে হলে প্রত্যেক খেলোয়াড়কে শতভাগ ফিট থাকতে হবে।

এ কারণে সান্তোস চায় নেইমারকে যত দ্রুত সম্ভব ম্যাচে ফিরিয়ে আনতে। সামনে থাকা ম্যাচগুলোতে যেন তিনি পুরোপুরি ফিট অবস্থায় খেলতে পারেন, তা নিশ্চিত করতে তার ফিটনেস নিয়ে কাজ করছে ক্লাবের বিশেষজ্ঞ দল।