১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাজার
মালয়েশিয়া থেকে মোহাম্মাদ আল-আমীন

মালয়েশিয়ায় শ্রমবাজার চালু করতে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে মন্ত্রী প্রতিনিধি দল

মালয়েশিয়ায় শ্রমবাজার চালু করতে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে মন্ত্রী প্রতিনিধি দল

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার লক্ষ্যে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও তার প্রতিনিধি দল।

সফরকালে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ ও বৈধ শ্রমিক প্রেরণের বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হবে বলে জানা গেছে।

দেশের হাজারো বেকার যুবক এই সফরের ফলাফলের দিকে আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে আছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অনেকের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

তবে দেশটিতে অবস্থানরত সিনিয়র প্রবাসীদের মতে, মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী বসবাস করছেন। তাদের মতে, নতুন করে শ্রমবাজার চালুর আগে এসব অবৈধ অভিবাসীদের বৈধকরণ (লিগ্যালাইজেশন) প্রক্রিয়া শুরু করা জরুরি। এতে করে শ্রমবাজার আরও সুসংগঠিত হবে এবং কর্মসংস্থানের পরিবেশ স্থিতিশীল থাকবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সফর সফল হলে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার সংক্রান্ত সম্পর্ক আরও জোরদার হবে এবং উভয় দেশের জন্যই এটি লাভজনক হবে।