১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজ
আইএমএফ-বিশ্বব্যাংক সহায়তায় বাংলাদেশ পেতে পারে ২ বিলিয়ন ডলার ছবি : ইন্টারনেট থেকে পাওয়া

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার পাশাপাশি অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত সংস্থা দুটির বসন্তকালীন বৈঠকের ফাঁকে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি ১১ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিনিধিদলের একটি সূত্র জানিয়েছে, আগামী জুনের মধ্যে বাংলাদেশ প্রায় ২ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা পেতে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) অর্থমন্ত্রী পৃথকভাবে বৈঠক করেন আইএমএফের নির্বাহী পরিচালক উর্জিত প্যাটেল এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জন জুট-এর সঙ্গে।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে ঘাটতির মধ্যে রয়েছে, যার ওপর মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন চাপ সৃষ্টি করেছে। এছাড়া ভ্যাট সংক্রান্ত বিষয়ও আলোচনায় এসেছে। তিনি জানান, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, সার্বিক আলোচনা ইতিবাচক হয়েছে এবং অর্থনীতির ঘাটতি কাটিয়ে উঠতে সরকার সফল হবে বলে তিনি আশাবাদী। বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পরিষ্কার এবং তারা সহযোগিতায় আগ্রহী।

আইএমএফের চলমান ঋণ কর্মসূচির আওতায় অতিরিক্ত সহায়তার সম্ভাবনার কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, কিস্তি ছাড়ের পাশাপাশি আরও ভালো সহায়তা আসতে পারে।

আগামী জুনের মধ্যে এবং আসন্ন বাজেটে অতিরিক্ত অর্থায়ন পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোর সহায়তায় আইএমএফ ইতোমধ্যে ৫০ বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ২৫ বিলিয়ন ডলারের জরুরি তহবিল ঘোষণা করেছে। বর্তমানে বাংলাদেশ আইএমএফের ৫.৫ বিলিয়ন ডলারের একটি ঋণ কর্মসূচির আওতায় রয়েছে।