১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজ
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল আর্সেনালের সাবেক গোলরক্ষকের আর্সেনালের সাবেক গোলরক্ষক অ্যালেক্স ম্যানিঙ্গার

এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অ্যালেক্স ম্যানিঙ্গার, ইংলিশ ক্লাব আর্সেনালের সাবেক এই গোলরক্ষক। অস্ট্রিয়ায় একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে তার গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে সালজবুর্গের কাছে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি ম্যানিঙ্গারের গাড়িকে ধাক্কা দেওয়ার পর বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এ সময় তিনি গাড়িতে একাই ছিলেন।

৪৮ বছর বয়সী এই সাবেক ফুটবলার ১৯৯৭ থেকে ২০০২ সালের মধ্যে আর্সেনালের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছেন। এছাড়া অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে ২০০৮ ইউরো সহ মোট ৩৩টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অস্ট্রিয়ান ফুটবল মহল। অস্ট্রিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ডিরেক্টর পিটার শটেল বলেন, ম্যানিঙ্গার মাঠে ও মাঠের বাইরে অস্ট্রিয়ান ফুটবলের একজন অসাধারণ প্রতিনিধি ছিলেন।

আর্সেনালে খেলার সময় তিনি মূলত কিংবদন্তি গোলরক্ষক ডেভিড সিম্যানের বিকল্প হিসেবে দলে ছিলেন। তবে ১৯৯৭-৯৮ মৌসুমের শেষ দিকে সিম্যান চোটে পড়লে ম্যানিঙ্গারই দলের দায়িত্ব সামলান। ওই সময় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ১৯৯৮ সালের মার্চে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি।