ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নবীনগর সদর ভূমি অফিসে এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর তারা মুক্তি পান।
ভুক্তভোগীরা হলেন বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মো. অলিউল্লাহ।
সাংবাদিকদের অভিযোগ, সম্প্রতি নবীনগর ভূমি অফিসে জমির খারিজ সংক্রান্ত কাজে ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে তারা অফিসে গেলে সহকারী তহসিলদার (নায়েব) মো. সামসুদ্দোহা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। একপর্যায়ে বাকবিতণ্ডার মধ্যে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, পরে ওই কর্মকর্তা এবং অফিস সহায়ক হাবিবুর রহমান তিন সাংবাদিককে অফিস কক্ষে তালাবদ্ধ করে বাইরে চলে যান। এতে ওই সময় সেবা নিতে আসা সাধারণ মানুষও ভেতরে আটকা পড়ে।
ঘটনার খবর পেয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান হস্তক্ষেপ করেন এবং প্রায় এক ঘণ্টা পর সাংবাদিকরা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইউএনও মাহমুদুল হাসান জানিয়েছেন, সাংবাদিকদের এভাবে আটকে রাখা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।