২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজ
জামিন মিলেছে, তবু কারামুক্তি নয় চিন্ময় কৃষ্ণ দাসের চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামের হাটহাজারীতে জমি দখল ও মারধরের অভিযোগে দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের আদালত দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় আপাতত তিনি কারামুক্ত হচ্ছেন না।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালে হাটহাজারীর মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির বাদী ছিলেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দিলে চিন্ময় কৃষ্ণ দাসকে এ মামলার আসামি করা হয়। গত ৭ এপ্রিল তার আইনজীবীরা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরই ধারাবাহিকতায় আজ শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়।

তবে একটি মামলায় জামিন পেলেও তার বিরুদ্ধে থাকা অন্যান্য গুরুতর মামলার কারণে আইনি জটিলতা কাটেনি। এর মধ্যে সবচেয়ে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলা।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের উসকানি ও নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটে।

এছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।

গত ২৫ আগস্ট আদালত চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে আইনজীবী হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, অন্যান্য মামলায় জামিন না পাওয়া পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে।