লিওনেল মেসি। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া
ফুটবল মাঠে সাফল্যের পর এবার ব্যবস্থাপনার ভূমিকায় নতুন অধ্যায় শুরু করলেন লিওনেল মেসি। স্পেনের পঞ্চম স্তরের ক্লাব ইউ করনেল্লার আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
শুক্রবার এক বিবৃতিতে করনেল্লা কর্তৃপক্ষ জানায়, আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি ক্লাবটির নতুন মালিক হয়েছেন। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের সূত্র ধরেই এই বিনিয়োগ এসেছে বলে ধারণা করা হচ্ছে।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি বার্সেলোনার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ইতিহাসে একাধিক চমকপ্রদ সাফল্য রয়েছে তাদের। বিশেষ করে ২০২১ সালে কোপা দেল রেতে স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে আলোচনায় আসে দলটি।
ক্লাবটির একাডেমি থেকেও উঠে এসেছেন পরিচিত কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন মেসির বর্তমান ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা, দাভিদ রায়া এবং বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড মার্টিন।
বর্তমানে স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরে খেলছে কর্নেয়া এবং পয়েন্ট তালিকায় তাদের অবস্থান তৃতীয়। লিগের শীর্ষ দল সরাসরি চতুর্থ স্তরে উন্নীত হওয়ার পাশাপাশি কোপা দেল রেতে অংশ নেওয়ার সুযোগ পায়, আর দ্বিতীয় থেকে পঞ্চম স্থান পাওয়া দলগুলো অংশ নেয় প্রমোশন প্লে–অফে।
মেসির মালিকানায় ক্লাবটির অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় সংগ্রহে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইন্টার মায়ামি এ খেলার পাশাপাশি স্পেনের ফুটবলে এই বিনিয়োগকে তার অবসর-পরবর্তী ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।