প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে অগ্রসর হয়েছে, তখনই কিছু মহল তা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। শুক্রবার (১ মে) বিকেলে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, এসব গোষ্ঠী আন্তর্জাতিক অঙ্গনে দেশকে বিতর্কিত ও বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী সরকার জনগণের অধিকার হরণ করেছিল এবং দেশের অর্থনীতিকে আমদানিনির্ভর করে তুলেছিল। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাত ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। এরই প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ সেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান আরও বলেন, একটি গোষ্ঠী দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন চায় না। তারা চায় না বাংলাদেশ বিশ্বে সমানতালে এগিয়ে যাক। অতীতের ধারাবাহিকতায় তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং দেশকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
তিনি সতর্ক করে বলেন, যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় এবং রাষ্ট্রকে বিতর্কিত করতে তৎপর, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের যথাযথভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার গুরুত্ব দিচ্ছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
শেষে তিনি আশ্বাস দেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে।