২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজ
সমাজ সংস্কারে গণমাধ্যমকে হাতিয়ার করার আহ্বান ছাত্রশিবিরের ছবি: সোশ্যাল মিডিয়া

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিক, সংবাদকর্মী ও গণমাধ্যম সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে সংগঠনটি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এবং গণমাধ্যমকে সমাজ সংস্কারের কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে।

রোববার (৩ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এসব কথা বলেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সংবাদকর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। গণমাধ্যমকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ ও সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে তারা বলেন, স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ছাড়া আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা সমাজকে এগিয়ে নেয়।

তারা আরও উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনের সময় দেশে সাংবাদিকরা নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। সত্য প্রকাশের পথে বিভিন্ন আইনগত ও রাজনৈতিক বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। অনেক সাংবাদিক জীবন দিয়েছেন এবং অনেকে কারাবরণ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

একই সঙ্গে তারা বলেন, চাকরির অনিশ্চয়তা ও সম্মানজনক বেতন কাঠামোর অভাব গণমাধ্যম খাতকে ক্ষতিগ্রস্ত করছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ছাত্রশিবির নেতারা বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ, অর্থনৈতিক নিশ্চয়তা এবং তথ্য সংগ্রহের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা এমন একটি পরিবেশের প্রত্যাশা করেন, যেখানে গণমাধ্যম ভয়ভীতি ছাড়া মানুষের কথা তুলে ধরতে পারবে।

সবশেষে, তারা সাংবাদিকদের পেশাগত নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।