১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মমতাজের জামিন নামঞ্জুর সাবেক এমপি মমতাজ

রাজধানীর মিরপুরে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের সময় মো. সাগর নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ মে) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিতে মমতাজের পক্ষে আইনজীবী রেজাউল করিম দাবি করেন, তিনি একজন সাবেক সংসদ সদস্য ও স্বনামধন্য লোকসংগীতশিল্পী, কিন্তু মামলার এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। আন্দোলন দমনে অর্থ জোগান ও পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগকে তিনি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত আবেদনটি নাকচ করে দেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর গোল চত্বরে গুলিতে নিহত হন মো. সাগর। ওইদিন রাতেই তার মা বিউটি আক্তার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের মরদেহ খুঁজে পান। পরে ২৭ নভেম্বর তিনি বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। শেখ হাসিনাসহ ২৪৩ জনকে আসামি করা এই মামলায় মমতাজ বেগম ৪৯ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত।

মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজয়ের পর তিনি আড়ালে চলে যান। ২০২৫ সালের ১২ মে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো মমতাজ বেগমের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। সাগরের পরিবার এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেছে।