ছবি : সিটিজেন ভয়েস
ইতালির ভেনিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি অভিনেত্রী ও জুলাই যোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে রোমে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান ও দূতাবাস চত্বরে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপি ডায়াস্পোরা ইতালি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংগঠনের ইতালির আহ্বায়ক রাসেল মুহাম্মাদ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করে। এ সময় প্রতিনিধি দল দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দাবি তুলে ধরে। দূতাবাসের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন হেড অব চ্যান্সারি জনাব মারজাক ইসলাম।
স্মারকলিপিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, বিদেশের মাটিতে একজন বাংলাদেশি অভিনেত্রী ও জুলাই যোদ্ধার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে স্থানীয় আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসের কার্যকর ভূমিকা রাখার দাবি জানানো হয়।
এনসিপি ডায়াস্পোরা ইতালি মনে করে, বিদেশের মাটিতে বাংলাদেশি নাগরিকদের ওপর সংঘটিত অন্যায়, হামলা ও হয়রানির ঘটনায় যথাসময়ে আইনি পদক্ষেপ নিশ্চিত করা না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থাকে। একই সঙ্গে এ ধরনের ঘটনা বিদেশে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা এবং দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।
প্রতিনিধি দলের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, বাংলাদেশ থেকে ইতালি কিংবা বিশ্বের অন্য কোনো দেশে যাওয়া জুলাই যোদ্ধা, সামাজিক কর্মী ও সাধারণ বাংলাদেশি নাগরিকরা কোনো ধরনের হুমকি, হামলা বা হয়রানির শিকার হলে দূতাবাসের মাধ্যমে দ্রুত অভিযোগ গ্রহণ, প্রয়োজনীয় আইনি সহায়তা এবং সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে হবে।
দূতাবাস কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে আশ্বস্ত করে জানায়, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থানীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করা হবে।
এনসিপি ডায়াস্পোরা ইতালি ঘোষণা করে, বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিক অন্যায়, নিপীড়ন, হয়রানি বা হামলার শিকার হলে সংগঠনটি সবসময় সোচ্চার থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ভেনিসে অবস্থানরত এনসিপি ডায়াস্পোরা ইতালির টিম সংগঠনের সদস্য সচিব সালাউদ্দিন আকনের সমন্বয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এনসিপি ডায়াস্পোরা ইতালির আহ্বায়ক রাসেল মুহাম্মাদ — আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ ,যোগাযোগ সচিব সাজিদুর রহমান, এনসিপি রোম-লাজ্জিও আহ্বায়ক এস কে তারেকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সৈকত, কার্যনির্বাহী সচিব আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য দাউদুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদুল হাসান ছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
