ফাইল ছবি
পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও কঠোর নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ সিদ্ধান্তের কথা জানায়।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আরও কঠোরভাবে তাদের হাতে নেওয়া হয়েছে। বর্তমানে এই জলপথ সশস্ত্র বাহিনীর নিবিড় তত্ত্বাবধানে রয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমের খবরে আইআরজিসির বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে’। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে এনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যতদিন না ইরানের জাহাজগুলো নির্বিঘ্নে চলাচলের পূর্ণ স্বাধীনতা ফিরে পাচ্ছে, ততদিন এই গুরুত্বপূর্ণ নৌপথ কঠোর নিয়ন্ত্রণে রাখা হবে।
এর আগে ইরান সতর্ক করে জানায়, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করা হতে পারে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক মাধ্যমে বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না এবং এই পথে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।