১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশজুড়ে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে: অমিত শাহ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারত থেকেই ‘অনুপ্রবেশকারীদের’ চিহ্নিত করে বের করে দেওয়া হবে। শুক্রবার কলকাতার নিউ টাউনের একটি কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত ২০৭ বিধায়ককে নিয়ে অনুষ্ঠিত পরিষদীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। এ সময় তিনি দাবি করেন, বিজেপি পশ্চিমবঙ্গে হিংসামুক্ত নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রমাণ করেছে যে দলটি শান্তি, উন্নয়ন ও ভয়মুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, শুভেন্দু অধিকারী সেগুলো বাস্তবায়নে কাজ করবেন। তিনি বলেন, ‘ডাবল ইঞ্জিন’ সরকার গঠনের মাধ্যমে রাজ্যে দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটিয়ে “সোনার বাংলা” গড়া হবে।

তিনি আরও জানান, নারীদের মাসিক তিন হাজার রুপি ভাতা, বেকার ভাতা এবং বিনা মূল্যে চিকিৎসাসেবার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে অমিত শাহ বলেন, সীমান্ত আরও সুরক্ষিত করা হবে এবং অনুপ্রবেশ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নারী নিরাপত্তা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত শাসনব্যবস্থা গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ ছাড়া আর জি কর কাণ্ড ও সন্দেশখালী ইস্যুতে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়ে অমিত শাহ বলেন, ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পাবেন এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতা কমে আসবে।

রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শুভেন্দু অধিকারী

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দলীয় বিধায়কদের সমর্থন পাওয়ার পর শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিজেপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়নে তিনি কাজ করবেন।

শুভেন্দু অধিকারী বলেন, “আমি নয়, আমরা”—এই আদর্শকে সামনে রেখেই নতুন সরকার পরিচালিত হবে। তিনি জানান, জনগণের প্রত্যাশা পূরণ এবং পশ্চিমবঙ্গের উন্নয়নই হবে তাঁর সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের জন্য যে উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছেন, সেগুলো বাস্তবায়নে তাঁর সরকার কাজ করবে। রাজ্যের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

আর জি কর ও সন্দেশখালী ইস্যুতে তদন্ত কমিশন গঠনের আশ্বাস দিয়ে শুভেন্দু বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন। পাশাপাশি সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে জড়িতদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

নতুন সরকারকে ঘিরে জনগণকে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, ভয় নয়, আস্থা ও বিশ্বাস নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে হবে।