২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজ
সাভারে দারুল উলূম মাবিয়ার নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকার সাভার উপজেলার গেরুয়া গ্রামে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছাদিকুর রহমান হিরু প্রতিষ্ঠিত দারুল উলূম মাবিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, মাদরাসা কমপ্লেক্স জামে মসজিদ এবং বেগম আনোয়ারা খাতুন কবরস্থানের নবগঠিত কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ পরিচিতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ ও বিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক ড. ওবায়েদুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি বিনিময়ের পাশাপাশি মাদরাসার শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় এবং মাদরাসার দ্বীনি খিদমতকে আরও গতিশীল করতে সকল সদস্য আন্তরিকতার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একই সঙ্গে একটি সুন্দর ও কার্যকর কমিটি উপহার দেওয়ায় প্রতিষ্ঠানের মোতাওয়াল্লী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছাদিকুর রহমান হিরু সাহেবের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

পরবর্তীতে সভাপতির অনুপ্রেরণায় কার্যকরী পরিষদের সদস্যরা প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লী সাহেবের শ্রদ্ধাভাজন দাদি এবং মাতা-পিতার কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি গাজী সিদ্দিকুর রহমান (এমএ)।

সভা শেষে আল্লাহ তাআলার নিকট প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের জন্য কল্যাণ কামনা করা হয় এবং দোয়া করা হয় যেন তাঁদের কবরসমূহ জান্নাতের বাগান হিসেবে পরিণত হয় এবং এ সকল দ্বীনি খিদমত কবুল হয়।

প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্য দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।