১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে মোদিকে ট্রাম্পের অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মদি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই মঙ্গলবার এ তথ্য জানান।

২৯৪ আসনের বিধানসভায় ২০৬টি আসন জিতে বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফালতা কেন্দ্রে ভোট স্থগিত থাকায় কার্যকর সংখ্যাগরিষ্ঠতার সীমা ছিল ১৪৭। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে সীমাবদ্ধ থাকে। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে আসন পেয়েছে, আর সিপিআই(এম) ও অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট একটি করে আসন লাভ করে।

ফল ঘোষণার পর বিশ্লেষকদের মতে, বিজেপির এই জয়ের পেছনে কার্যকর নির্বাচনী কৌশল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ বড় ভূমিকা রেখেছে। দলটি স্থানীয় ইস্যু ও স্লোগানকে গুরুত্ব দিয়ে প্রচারণা চালায় এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে।

৪ মে ঘোষিত এ ফলাফলকে ‘ঐতিহাসিক ও নিষ্পত্তিমূলক’ উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানান।

অন্যদিকে, পরাজয় মেনে না নিয়ে ‘ষড়যন্ত্র’ অভিযোগ তুলেছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণে তার সরকারের সাংবিধানিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, সরকার গঠনের প্রস্তুতি হিসেবে নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ে মনোযোগ দিয়েছে বিজেপি। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন সুভেন্দু অধিকারী, সামিক ভট্টাচার্য ও অগ্নিমিত্রা পাল।