১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিকতায় শিগগিরই নীতিমালা ও আচরণবিধি: তথ্য উপদেষ্টা তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে সাংবাদিকতার পেশাগত মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার শিগগিরই একটি সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়ন করতে যাচ্ছে।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সহজে অনলাইন মিডিয়া চালু হওয়ায় অনেক ক্ষেত্রেই নীতিমালার অভাবজনিত সমস্যা দেখা দিচ্ছে। সাংবাদিকদের জন্য স্পষ্ট নির্দেশিকা ও আচরণবিধি থাকলে দায়িত্ব পালনে সুবিধা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ডা. জাহেদ উর রহমান জানান, মন্ত্রণালয় একটি উপযুক্ত নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামো তৈরির বিষয়ে কাজ করছে এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার হিসেবে তথ্য গোপনের প্রবণতা এড়িয়ে স্বচ্ছতা বজায় রাখাই সরকারের লক্ষ্য।

এছাড়া, তথ্য কমিশন পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে, যাতে তথ্যপ্রাপ্তি সংক্রান্ত সমস্যাগুলো কার্যকরভাবে সমাধান করা যায়।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের সমন্বয়ে উন্মুক্ত তথ্যব্যবস্থা উন্নয়নের একটি প্রকল্প ইতোমধ্যে নেওয়া হয়েছে। এর মাধ্যমে জেলা পর্যায়ের তথ্য অবকাঠামোকে সমন্বিত করে আরও কার্যকর করা হবে।