মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: Social Media
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তার সহধর্মিণী আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত।
বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান এবং বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।