২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজ
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই ২ মে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, ছবি সোশ্যাল মিডিয়া থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র আগামী ২ মে যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ করে পুনরায় যাচাই-বাছাই করতে হবে।

ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২ মে সকাল ১১টায় ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১২ মে অনুষ্ঠিতব্য সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে, ফলে নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় ইসি তা বাতিল করে।

পরে গত ২৭ এপ্রিল বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশনকে।

এদিকে, এনসিপির নারী প্রার্থীদের সংসদে অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।